বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বান্দরবান সেনা রিজিয়নের সহযোহিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়, অনেকের কাছেই পার্বত্য শান্তি চুক্তি নামে অভিহিত। এ চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের বঞ্চনার বেড়াজাল থেকে বেরিয়ে উন্নয়ন অগ্রযাত্রার পথে চলতে শুরু করে। তিনি আরোও বলেন, চুক্তির ফলে অনগ্রসর এই জেলায় উন্নয়নের লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদের নাম পরিবর্তন হয়ে পার্বত্য জেলা পরিষদ করা হয়।এতে সরকারের ২৮টি বিভাগ জেলা পরিষদের ন্যস্ত বিভাগ করা হয়। যে সকল বিভাগ হস্তান্তর করা হয়নি পর্যায়ক্রমে সে সকল বিভাগও হস্তান্তর করা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। চেয়ারম্যান আরো বলেন, চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে এবং রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের মতো অবকাঠামো নির্মিত হয়েছে। এ অঞ্চলের বসবাসকারী সকল পাহাড়ি, বাঙালি সকল ধর্ম গোষ্ঠীর জনসাধারণ সম্প্রীতি বজায় রেখে একসাথে উন্নয়নের কাজ চলমান রাখতে সহযোগিতা কামনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান।
অপরদিকে পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান সদর হাসপাতালে ফ্রি রক্তদান কর্মসূচী পালন করা হয়, এসময় উপস্থিত ছিলেন- বান্দরবানের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।










