লোহাগাড়ার পদুয়া বাজারে সরকারি প্ল্যাটফর্ম দখল

2

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারের সরকারি প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে একদল অসাধু ব্যক্তি অবৈধভাবে দখল করে রাখায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রামের কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাজারের বৈধ ইজারাদার মোহাম্মদ আলমগীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মং এছেন বরাবর ১১ নভেম্বর লিখিত অভিযোগ দাখিল করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। ইজারাদার মোঃ আলমগীর জানান, তিনি ১৪৩২ বাংলা সনের জন্য পদুয়া তেওয়ারীহাট বাজারের বৈধ ইজারাদার। কিন্তু দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি প্ল্যাটফর্মে দোকান নির্মাণ করে নাস্তার দোকান, খাবার হোটেল ও মুদির দোকান পরিচালনা করে আসছেন। এর ফলে বাজারের প্রকৃত ব্যবসায়ী ও কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের জায়গা না পেয়ে দুর্ভোগে পড়ছেন। অভিযোগে ইজারাদার মোঃ আলমগীর বলেন,“তোহা বাজার হিসেবে স্বীকৃত স্থানে এখন কৃষক ও ব্যবসায়ীরা বসার জায়গা পাচ্ছেন না। অথচ অবৈধ দখলদাররা সরকারি জায়গাকে নিজেদের সম্পত্তি মনে করে দখল করে রেখেছে। এতে আমি একজন বৈধ ইজারাদার হিসেবে ইজারা অনুযায়ী আয় করতে পারছি না এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি”। অভিযোগ পত্রে তিনি ১০ জন অবৈধ দখলদারের নামও উল্লেখ করেছেন, যারা সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ দখলদাররা সরকারি সম্পত্তি ব্যবহার করে আসছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইজারাদার আলমগীর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাজার এলাকা উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ী ও ক্ষেত-খামারিরা বসে ক্ষেতের শাক-সবজি বিক্রয়ের জন্য বসতে পারে। কিছু ক্ষেত-খামারি রাস্তার আশে-পাশে বসে শাক-সবজি বিক্রয়ের সুযোগ পেলেও বেশিরভাগ বিক্রেতারা তোহা বাজার হিসাবে স্বীকৃত স্থানে শাক-সবজি বিক্রয়ের সুযোগ পাচ্ছে না। এর ফলে খামারিদের বাধ্য হয়ে জনগণের চলাচলে অসুবিধা সৃষ্টি করে ফরিয়াদিকুল রোডে বসে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বারবার আলোচনা হলেও কোন সুফল আসছে না বলে সচেতন মহল উদ্যোগ প্রকাশ করছেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, পদুয়া বাজারে অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বাজারে অবৈধভাবে যারা দখলে রয়েছে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। দখলকারীদের বার বার ফোন করে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।