লোহাগাড়ায় বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

1

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাতগড় মৌজায় বন বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মং এছেন এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতগড় মৌজাস্থ মেহেরুন্নেছা বিদ্যালয়সংলগ্ন বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা করতে করতে বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়।
অভিযানে চুনতি রেঞ্জ অফিসার মো. আবীর হাসান, হ্নসাতগড় বিট অফিসার মো. মহসীন আলী ইমরানসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং লোহাগাড়া থানার চুনতি ফাঁড়ির পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি বন বিভাগের জায়গা দখল করে সেখানে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে বন বিভাগের অনুরোধে উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘সরকারি বনভ‚মি দখল করে কেউ স্থাপনা গড়ে তুলতে পারবে না। সরকারি সম্পদ রক্ষায় এই অভিযান চলমান থাকবে’।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, ‘বনভূমি রক্ষায় নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে। যেকোনো অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে’।
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হলে বনভূমি দখল ও ধ্বংস রোধ করা সম্ভব হবে।