লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী নিহত

3

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ২ টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে। সফরসঙ্গী মেঘলা জানান, তারা জনপ্রিয় কন্টেইন ক্রিয়েটর ফারজানা বিথিসহ ১৫ জন নারী-পুরুষ মিলে ৩ দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার গিয়েছিলেন। রবিবার সকালে কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মহাসড়কের উপর বসানো গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেলে থাকা দু’জন সড়কের পাশ থেকে সেতুর নীচে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দু’জন বাইকারকে এখানে আনা হয়েছে। এরমধ্যে সাকিবুল হাসান নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত সোহাগ নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।