লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

2

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজের সামনে কক্সবাজারমুখি আলুবাহী ট্রাকের সাথে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোহাম্মদ রিয়াদ হোসেন (২৮) উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লুকতার পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি চুনতি কামিল মাদ্রাসার ফাজিলের শেষ বর্ষের ছাত্র ছিলেন।তার ৭ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। পড়ালেখার পাশাপাশি বাড়ির পাশে একটি দোকান করতেন তিনি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ঘুমানোর জন্য শুয়ে ছিলাম। হঠাৎ গাড়ির ধাক্কার প্রচন্ড আওয়াজ শুনে মহাসড়কের দিকে থাকিয়ে দেখি রাস্তার উপর বাইক আরোহী পড়ে আছেন। তার মাথা থেকে রক্তক্তকরণ হচ্ছে। নিচে নেমে দেখি তার মাথা ফেটে মগজ বাহির হয়ে গেছে। সবাই এগিয়ে এসে থানা পুলিশকে খবর দিই। স্থানীয়রা কক্সবাজারমুখী আলুবাহী ট্রাককে (ঢাকা মেট্রো ঠ ১২-৩৭০৭) আমিরাবাদ স্টেশনে আটক করে। নিহত ব্যক্তি বাইকটি চালাচ্ছিলেন।
নিহত ব্যক্তির ছোট ভাই হোসাইন বলেন, আমার বড় ভাই ও দুই মামাতো ভাইসহ বিকালে ৩টি বাইকযোগে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যাই। রাতে নানার বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে সে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র আমি পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটিও আটক করা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।