এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া
লোহাগাড়ায় যেন উৎসবের আমেজ। মাঠের পর মাঠ সোনালি ধানের ঢেউ, বাতাসে দোল খেয়ে জানান দিচ্ছে- এই মৌসুমে আমন ধানের ফলন সত্যিই বাম্পার। বৃষ্টির আনুক‚লতা, সঠিক সময়ে কৃষি উপকরণ সরবরাহ ও আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগে কৃষকরা পেয়েছেন তাদের কাঙ্খিত সাফল্য।
চরম্বা প্রবীণ কৃষক আবদুল সাত্তার জানান, ‘এত ভালো ফলন বহু বছর দেখিনি। এবার উৎপাদন খরচ মিটিয়েই বেশ ভালো লাভ হবে। আমার মতো অনেক কৃষকের ঘরেই এখন আনন্দ’। সত্যিই, লোহাগাড়ার প্রতিটি গ্রামে এখন কৃষকের মুখে একটাই গল্প, ভালো ফলন, ভালো দাম আর স্বস্তির নিঃশ্বাস।
উপজেলা কৃষি কর্মকর্তারা কাজী শফিউল ইসলাম জানান, এ বছর উপজেলার বিভিন্ন ব্লকে উচ্চ ফলনশীল আমন জাতের ব্যাপক চাষ হয়েছে। নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া, রোগবালাই নিয়ন্ত্রণে সচেতনতা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন কৃষকদের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। তিনি আরও বলেন, এবার আমনের ফলন খুবই সন্তোষজনক। লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৮৫৬ হেক্টরে ৩৪ হাজার ৫৩৪ মেট্রিক টন চাল উৎপাদন। অর্জনও কাছাকাছি হবে বলে আশা করছি’।
তিনি জানান, ২৫ হাজারেরও বেশি কৃষক হরি ধান, ব্রি-১০৩, ব্রি-৪৯, ব্রি-৯৩ সহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের আমন চাষ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকদের জন্য এটি হবে অত্যন্ত লাভজনক মৌসুম। কৃষি অফিসের মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। উপজেলার চুনতি, পদুয়া, কলাউজান, আমিরাবাদ, পুটিবিলা, বড়হাতিয়া, আধুনগর, চরম্বা ও লোহাগাড়াসহ বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা। কৃষাণ-কৃষাণীরা সকাল থেকেই কাঁচি হাতে নেমে পড়ছেন মাঠে। কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন, আবার কেউ ট্রলি ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন সোনালি শস্য। কৃষকদের মুখে এখন স্বপ্ন, উৎপাদন ভালো হওয়ায় বাজারে যদি ন্যায্যমূল্য পাওয়া যায়, তবেই সংসারের অভাব দূর হওয়ার পাশাপাশি আগামি মৌসুমে আরও বেশি জমিতে চাষ করা যাবে।
লোহাগাড়ার এই সফলতা শুধু একটি এলাকার অর্জন নয়; এটি দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করে উপজেলা কৃষি বিভাগ। সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতির ব্যবহারে দেশের অন্যান্য অঞ্চলও অনুপ্রাণিত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোনালি ধানের হাসিতে ভরপুর লোহাগাড়া এখন সত্যিই হয়ে উঠেছে কৃষকের স্বপ্নপুরী, যেখানে পরিশ্রমের ফল মিলেছে আনন্দের প্রাচুর্যে।











