নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হচ্ছে বৃহত্তর সুন্নী জোটের প্রথম জনসভা। তিনমাস আগে গঠন হওয়া তিনদলের এই জোটের পক্ষ থেকে ১৩ দফা দাবির উত্থাপন করা হয়েছে। সমাবেশে তিন দলের চেয়ারম্যান ও মহাসচিবরা সমাবেশে উপস্থিত থাকবেন।
বৃহত্তর সুন্নী জোটের ব্যানারে সুফী মতাদর্শে বিশ্বাসী তিনটি রাজনৈতিক দল (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি) একত্রে এই কর্মসূচি পালন করছে। গত তিন মাস ধরে তিনটি দল ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে মাঠে নেমেছে এবং পাঁচটি বিভাগীয় শহরে পাঁচটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। তারই প্রথম কর্মসূচি আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী সমাবেশগুলো হবে ২২ নভেম্বর নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বর কুমিল্লা, ৬ ডিসেম্বর হবিগঞ্জ এবং ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে।
জোটের ঘোষিত ১৩ দফা দাবির মধ্যে রয়েছে, ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনের দিন গণভোট গ্রহণ, রাষ্ট্রীয় সংলাপে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা, নির্বাচন পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, জুলাই বিপ্লব ও পরবর্তী সব হত্যাকাÐের বিচার নিশ্চিত করা, পার্বত্য জেলায় বিদেশি মদদপুষ্ট সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করা, আরাকান আর্মিকে করিডোর না দেওয়া, মাজার–খানকা–দরবার শরীফ ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া নির্বাচনকালীন প্রশাসন দলনিরপেক্ষভাবে পুনর্গঠনের দাবি তুলে ধরা হয়েছে।
চট্টগ্রামের মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা আব্দুন নবী আল কাদেরি বলেন, দেশ একটি অনিশ্চিত সময় অতিক্রম করছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতি ফিরবে না। তাই আমরা সারাদেশে জনমত গঠনে নেমেছি।











