লালদিয়া-পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবি

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লালদিয়ার চর টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। তা বাতিল করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় স্কপ। এতে অন্তত ৩০ জন শ্রমিকনেতা স্বাক্ষর করেন। তারা চুক্তি সম্পাদনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
স্কপ নেতৃবৃন্দ বলেন, শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী সমাজ ও দেশের জনগণের ন্যায্য দাবি দাওয়া উপেক্ষা করে সরকারের এই গণবিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পাদিত চুক্তি বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। দেশের কৌশলগত বন্দর সুবিধা প্রজন্মের পর প্রজন্মের জন্য গুরুত্বপ‚র্ণ। কিন্তু কোনো রকম জাতীয় স্বার্থ যাচাই, স্টেকহোল্ডারদের মতামত অথবা পর্যাপ্ত সময় ছাড়াই এই দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি করা হয়েছে। স্কপ অবিলম্বে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে।
নেতারা বলেন, সরকার জানিয়েছে যে আগামী সপ্তাহে এনসিটি নিয়েও চুক্তি করা হবে। যা জাতীয় স্বার্থবিরোধী ও জনমতের পরিপন্থী। এভাবে একের পর এক কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দেশের বাণিজ্য, শ্রমবাজার ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি তৈরি হবে।
স্কপ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার যদি অবিলম্বে সরে না আসে, তাহলে আগামী ২২ নভেম্বর শ্রমিক কনভেনশন থেকে হরতাল ও ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বিফটিইউসি’র যুগ্ম সম্পাদক রিজউয়ানুর রহমান খান, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দল সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, বিএলএফ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি নুরুল আবসার তৌহিদ, ট্রেড ইউনিয়ন সংঘ খোরশেদুল আলম, বিএমএসএফ সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির প্রমুখ।