লামা-ফাঁসিয়াখালী সড়কে ট্রাক্টর উল্টে নিহত ১

1

লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় ট্রাক্টর উল্টে মো. সাহাব উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল রবিবার দুপুরে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা এলাকার সেলিম চৌধুরী মোড়ে দুর্ঘটনাটি ঘটে। সাহাব উদ্দিন ফাঁসিয়াখালীর বড়বিলের বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার হাঁসের দীঘি থেকে গতকাল দুপুর ১২টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য ট্রাক্টর নিয়ে লামায় যাচ্ছিল চালক মো. রহিম ও ট্রাক্টরের মালিকের ছেলে সাহাব উদ্দিন। এটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালকসহ তিন জন আহত হন। তারা হলেন নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাাদেরকে ইয়াংছা বাজারের একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়।
লামা থানা ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাক্টর ও মোটরসাইকেল ইয়াংছা ক্যাম্পের জিম্মায় আছে।