লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ অর্জন করেছে সিটি কর্পোরেশন

9

পূর্বদেশ ডেস্ক

নগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আজ শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ শিশুকে টাইফয়েড টিকাদানে সক্ষম হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
চসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, সারা বাংলাদেশে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ৯১ শতাংশ অর্জিত হয়েছে। চসিক অর্জন করেছে ৯৩ শতাংশ। আজ শেষ দিনে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছে চসিক। চসিকের জোনগুলোর মধ্যে আগ্রাবাদ জোনে শতভাগ, বন্দরে ৯৫ শতাংশ, কাপাসগোলায় ৮৬ শতাংশ, মেমন ৯৯ শতাংশ, উত্তর কাট্টলিতে ৯৭ শতাংশ ও পাঁচলাইশে ৭৪ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিক কনফারেন্স রুমে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির দ্বিতীয় কো-অর্ডিনেশন সভায় এ তথ্য জানানো হয়।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী, ইউনিসেফ কনসালটেন্ট ডা. সারোয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO))-এর এসআইএমও ডা. খাদিজা আহমেদসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১,৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইটে প্রায় ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন স্কুল শিক্ষার্থী এবং ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন স্কুলবহির্ভূত শিশু।