নিজস্ব প্রতিবেদক
কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজিএ) আয়োজিত কনফারেন্সে বক্তারা বলেছেন, রোহিঙ্গাদের টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। রোহিঙ্গাদের অবশ্যই নিজেদের দেশে ফিরে যেতে হবে, তবে তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
গতকাল রবিবার কক্সবাজারে অবস্থিত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত দিনব্যাপী সেমিনারে বিশিষ্ট ব্যক্তিরা এ বিষয় তুলে ধরেন।
আরআরআরসি এবং ব্র্যাকের সহায়তায় কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজিএ) অনুষ্ঠানের আয়োজন করে। কনফারেন্সে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক সমস্যা, যা শুধু মানবিক দিক নয়, ন্যায়বিচার এবং বৈশ্বিক জবাবদিহিতারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে, যারা দীর্ঘ ৮ বছর ধরে সেখানে অবস্থান করছেন। এই দীর্ঘকালীন বসবাস এলাকার স্থানীয় জনগণের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।
কনফারেন্সে বক্তারা আরও বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব। মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং বিশ্বব্যাপী সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিজিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফরিদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অতিথিরা।
দিনব্যাপী সেমিনারে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ব্যুরো চিফ জুলহাস আলম রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়া রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দীন, ড. জাকিয়া সুলতানা, প্রফেসর ড. আমেনা মহসিন, সিজিএ বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি আসিফ মুনির, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াত ইসলামের আমির নুর আহমেদ আনোয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দীন সুজা এবং সিপিবি নেতা করিম উল্লাহ কলিম।
সম্মেলনে অংশ নেন সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তা এবং রোহিঙ্গা ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডাররা।
এতে বক্তারা আরও বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব হবে। তবে রোহিঙ্গাদের পুনর্বাসন নিশ্চিত করতে হলে তাদের নিরাপত্তা, মানবাধিকার এবং মর্যাদা রক্ষা করা প্রয়োজন।











