রামুতে মানববন্ধন ও প্রশাসনকে স্মারকলিপি প্রদান

1

রামু প্রতিনিধি

খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে রামুতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি)। ৩০ নভেম্বর সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক খুচরা সার বিক্রেতা অংশ নেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সার সংক্রান্ত ১৩ নভেম্বর ২০২৫ প্রকাশিত নতুন নীতিমালায় ক্ষুদ্র সার ব্যবসায়ীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। কৃষি মন্ত্রণালয়ের নতুন সার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী দেশে আর আলাদা খুচরা সার বিক্রেতা বা সাব-ডিলার থাকবে না। বিদ্যমান লাইসেন্সধারী বিক্রেতাদের সনদ (আইডি কার্ড) স্থগিত করা হয়েছে এবং ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে সকল দেনা-দায় পরিশোধ করতে বলা হয়েছে। সার সরবরাহ ব্যবস্থায় তৃণমূল পর্যায়ে যে ভূমিকা খুচরা বিক্রেতারা পালন করে আসছেন, তা বন্ধ হয়ে গেলে কৃষকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও বলেন, ‘আমরা ৩০ বছরের বেশি সময় ধরে সরকারি নীতিমালা অনুসরণ করে কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিচ্ছি। অনেক সময় কৃষকের কাছে টাকা না থাকলেও হাজার হাজার টাকা বাকিতে দিয়ে সার সরবরাহ করি। অথচ আমাদের মতামত ছাড়াই হঠাৎ করে একটি নীতিমালায় আমাদের জীবিকা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা অত্যন্ত অমানবিক।” দেশজুড়ে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাদের ওপর নির্ভর করেন প্রায় ৫ কোটি কৃষক। তাদের বাদ দিলে সার সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হবে, সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সরকার খুচরা সার বিক্রেতাদের দুঃখ-দুর্দশা বিবেচনায় নিয়ে নীতিমালাটি সংশোধন করবে বলে তারা আমা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- খুচরা সার ডিলার এসোসিয়েশন রামু উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সভাপতি মাওলানা আবুল মঞ্জুর ও আবদুল গনি হেলালী, সহ সাধারণ সম্পাদক মো. ইসমাঈল, কোষাধ্যক্ষ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল খালেক, অফিস সম্পাদক দীপক বড়ুয়া, কার্যকরি সদস্য মো. মীর কাশেম, ওমর ফারুক, বদর মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে খুচরা সার ডিলার এসোসিয়েশন রামু উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করেন। যা ইউএনও’র মাধ্যমে কৃষি সচিব বরাবর প্রেরণ করা হবে।
স্মারকলিপিতে দাবি করা হয়- খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড ও লাইসেন্স বহাল রাখতে হবে। নতুন নীতিমালা পুনর্বিবেচনা বা সংশোধন করতে হবে। খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশকে টি.ও লাইসেন্স প্রদান করতে হবে। নীতিমালা বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেএ বিষয়টি বিবেচনায় নিতে হবে।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও মো. ইরফানুল হক চৌধুরীর জানান- আপনাদের দাবি ও সমস্যাগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কৃষকের স্বার্থে যেটি উত্তম হবে প্রশাসন সেটিকেই বিবেচনায় নেবে।