পূর্বদেশ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে ‘অনুমতি ছাড়া’ ভ্রমণ ও অবৈধভাবে ইন্টারনেট পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিক এবং তাদের এক সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে তিন আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক মো. তারেক আজিজ রায়হান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক সোহেল আহাম্মদ। খবর বিডিনিউজের
মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিটিআরসির রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় নানা যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন- চীনা নাগরিক জিয়াং ছেংথং, টেং তংগু এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. আসিফ উদ্দিন।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ৩২ পোর্ট ও ২৫৬ পোর্টের সিমবক্স, কানেকশন প্যানেল, পাওয়ার প্যানেল, ১৬০টি অ্যান্টেনা, বিভিন্ন রাউটার, পিওআর সুইচ, এনভিআর, ক্যাবল ও মাল্টিপ্লাগসহ মোট ১৬ ধরনের যন্ত্রপাতি পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়।
গতকাল শনিবার সকালে বিটিআরসির উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন রামগড় থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে পুলিশ আসামিদেরকে আদালতে সোপর্দ করে।
রামগড় থানার ওসি মাঈন উদ্দিন বলেন, বিটিআরসির অভিযোগের ভিত্তিতে রামগড় থানায় একটি মামলা হয়েছে।










