রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে মাইক্রোবাসের ধাক্কায় কাজী তাইমিম মুহাম্মদ আরাফ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেজামশাহ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আরাফ একই এলাকার কাজী মুহাম্মদ এসকান্দরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আরাফ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় একটি বিয়েবাড়িতে আসা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।