রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা খুন

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দলের এক নেতা খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সরফভাটার মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মান্নান (৪০)। তিনি সরফভাটার জিলানী মাদ্রাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে জানা গেছে।
স্বজনরা জানান, মান্নান ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি। তার বাড়ি সরফভাটা হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে চন্দ্রঘোনায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, পথচারীরা বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিল। কারা, কি কারণে তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। প্রবাস ফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে যাই। সেখানে তার নিথর দেহ পড়ে ছিল, সাথে ছিল তার মোটরসাইকেলটি। তবে তার মুঠোফোনটি পাওয়া যায়নি। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাম চোখের কাছে, একটি বাম হাতে এবং পেটের ডানপাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে কী কারণে এবং কারা এই ঘটনা ঘটালো তা জানা যাবে।