রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বাদশা মিয়া চৌকিদারের বাড়ির কালা চন্নার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জান্নাতুল মাওয়া ফাইজু (১৮)। তিনি ওই এলাকার মো. সাজ্জাদের স্ত্রী। এই ঘটনায় নিহতের মা জেসমিন আক্তার বাদী হয়ে মেয়ের জামাই সাজ্জাদকে আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, সাজ্জাদের সাথে তার স্ত্রী জান্নাতুলের পারিবারিক কলহের জের ধরে মনোমালিন্য দেখা দেয়। সাজ্জাদ কথায় কথায় স্ত্রী জান্নাতুলকে মারধর করতো এবং মরে যাওয়ার জন্য প্ররোচণা দিতো। ঘটনার দিন তিনি শারীরিকভাবে স্ত্রীকে নির্যাতন করেছেন বলে অভিযোগ তোলেন তারা। পরে গৃহবধূ তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মা আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। মামলায় নিহতের স্বামী সাজ্জাদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।










