রাঙামাটি জেলা পরিষদে তালা দিল আন্দোলনকারীরা

3

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা পরিষদে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৪২% বাঙালি নিয়োগ এবং প্রথা বাতিলের দাবিতে জেলা পরিষদের মেইন গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার যুব আন্দোলন ও নিয়োগ প্রত্যাশীরা। তারা বলেন, জাতিগত বৈষম্যে, ৭০% উপজাতি নিয়োগসহ সকল ধরনের অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে।
গতকাল রবিবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে সমবেত হন আন্দোলনকারীরা। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এক পর্যায়ে তারা পরিষদের প্রধান ফটকসহ ভিতরের গেইটে তালা ঝুলিয়ে দেন তারা।
পার্বত্য চট্টগ্রাম যুব আন্দোলনের আহব্বায়ক মো. আসাদুজ্জামান খান বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবিসমূহ মানা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের করুণ পরিণতি হবে। পরিষদের প্রধান গেইটে লিখা আছে তারা দুর্নীতি মুক্ত। কিন্তু আমরা দেখতে পেলাম তারা দুর্নীতিতে যুক্ত।
পার্বত্য চট্টগ্রাম যুব আন্দোলনের সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা তাদের নীতি আদর্শ হারিয়ে ফেলেছে। ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতিবাজরা জেলা পরিষদ আঁকড়ে ধরে বসে আছে। তাই আগামিতে শিক্ষক নিয়োগসহ সকল নিয়োগে কোনোরকম অনিয়ম-দুর্নীতি ধরা পড়লে এই পরিষদকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
নিয়োগ প্রত্যাশীরা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি করতে চাই। জেলা পরিষদে সকল নিয়োগের ক্ষেত্রে উপজাতি ৭০% বাতিল করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় ৪২% বাঙালি নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।