রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর

0

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চলা টানা দুইদিনের বিক্ষোভের পর অবশেষে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামি ২১ নভেম্বর সকাল ১০ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আন্দোলনকারী পাঁচ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে ৫ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা জানান, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামি ২১ নভেম্বর পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। যদি ২১ নভেম্বরের মধ্যেই নিয়োগের লিখিত পরীক্ষা নিতে জেলা পরিষদ ব্যর্থ হয়, তাহলে জেলা পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের অন্যান্য সদস্যরাও পদত্যাগ করবেন বলে বৈঠকে শিক্ষার্থীদের প্রতিশ্রহতি দেয়া হয়’।
তবে এবিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জেলা পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কেউ।
উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১০ টায় নিয়োগের এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার বিকালে অনিবার্য কারণ দেখিয়ে এক বিজ্ঞপ্তিতে তৃতীয় দফায় এই নিয়োগ আবারও স্থাগিত করা হয়। এবার ৫৮৯টি শূন্যপদে আবেদন করেছিলেন ৬ হাজার ৬৪৮ জন প্রার্থী। এর আগে এই নিয়োগ কার্যক্রমে নির্ধারিত লিখিত পরীক্ষা ২০২২ সালের ২৯ মে এবং ২০২৪ সালের ২০ মে- দু’দফায় স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় ১১ নভেম্বর এই নিয়োগ স্থগিত করা হয়।
বারংবার নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদ জানিয়ে গত বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে চাকরি প্রত্যাশীরা জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। পরবর্তীতে তাদের দাবির মুখে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসতে রাজি হন জেলা পরিষদের চেয়ারম্যান।