রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলায় এই প্রথম একজন নারীকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন সরকার। রাঙামাটির নতুন জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী। রাঙামাটি জেলা গঠনের পর এই প্রথম একজন নারী জেলা প্রশাসক পেলেন রাঙামাটিবাসী। বিগত দিনে অনেক জেলা প্রশাসক আসছেন এবং গেছেন কিন্তু এবারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে এত লেখালেখি করতে দেখা যায়নি। অনেকেই বলছেন নারী জেলা প্রশাসক হওয়ায় সবার মাঝে কৌতূহল জেগেছে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ১৪জন কর্মকর্তাকে ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। রাঙামাটিতে নতুন ডিসি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে মিজ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নারী জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। তারা বলছেন, বিগত দিনে রাঙামাটি অনেক পুরুষ জেলা প্রশাসক দেখেছি। কিন্তু রাঙামাটি জেলায় কখনো নারী জেলা প্রশাসক চোখে দেখিনি। এই জেলায় এই প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।










