রাউজানে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ

1

রাউজান প্রতিনিধি

ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে কুয়াশা জানাচ্ছে শীতের আগমনী বার্তা। আর শীত মানেই গ্রামবাংলায় খেজুর গাছের রস সংগ্রহের মৌসুম। কিন্তু ঐতিহ্যের এ মিষ্টি ঘ্রাণ এখন যেন হারাতে বসেছে রাউজানে। খেজুর গাছের সংকটে পড়েছেন উপজেলার গাছিরা। রাউজানের হলদিয়া, কদলপুর, ডাবুয়া, বাগোয়ান, গহিরা, নোয়াপাড়া, পশ্চিম ও পূর্ব গুজরা, বিনাজুরিসহ বিভিন্ন এলাকায় গাছিরা রসের জন্য খেজুর গাছ প্রস্তুত করছেন। তবে গাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রস সংগ্রহে দেখা দিয়েছে সংকট। পশ্চিম গহিরা গ্রামের গাছি আবুল হোসেন বলেন, প্রতিবছর খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতাম। কিন্তু এখন গাছের সংখ্যা অনেক কমে গেছে। চাহিদামতো রস পাওয়া যাচ্ছে না, ফলে আয়ও কমে গেছে। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার বলেন, সময়ের বিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ বিলুপ্তির পথে। একসময় রাস্তার ধারে সারি সারি খেজুর গাছ দেখা যেত, এখন তা প্রায় নেই বললেই চলে। বন বিভাগের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, একটি খেজুর গাছ প্রায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত রস দেয়। এ গাছের রস বিক্রি করে গাছিরা জীবিকা নির্বাহ করেন। কিন্তু গাছ কমে যাওয়ায় অনেকেই এই পেশা থেকে সরে যাচ্ছেন। পরিবেশবান্ধব এই খেজুর গাছ রোপণ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে হয়তো খেজুর রস শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে পড়বে সচেতন মহল মনের করছেন।