রাউজান প্রতিনিধি
রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবদল কর্মী সাজ্জাদ হোসেনের (২৬) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। সাজ্জাদ হোসেন স্থানীয় যুবদল কর্মী ও ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের বাসিন্দা শেখ আহমদের ছেলে এবং টাইলস ও পাইপ ফিটিং কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।
নিহতের বন্ধু মো. খোরশেদ জানান, বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে চারাবটতল ফরেস্ট অফিস এলাকায় সাইট থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম-রাঙামাটি হাইওয়ে হয়ে বাড়ির দিকে আসছিলেন সাজ্জাদ। বাইন্যা পুকুর এলাকায় সড়কে অমল দে নামক এক ব্যক্তির সাইকেলের সাথে সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জেকে হাসপতাাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়। আহত অমল দে’র দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. সুজিত সরকার বাড়ির নারায়ণ দে’র ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ‚ঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।










