রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ব্যবসায়ী ও আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ ও ২০২২ ফুট প্রস্থের আরসিসি ‘জসিম উদ্দিন সড়ক- ২’- এর ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। সড়কটি নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট পর্যন্ত বিস্তৃত।
গতকাল সোমবার সকাল ৮ টায় তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ রফিক। এসময় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোক্তার আহমদ। প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ। শুরুতে বক্তব্য দেন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহামদুল হক, সমাজসেবক খসরুল আমিন চৌধুরী, মুহাম্মদ ইয়াছিন, আবু বক্কর সওদাগর, ব্যবসায়ী আজিজুল হক, মুহাম্মদ কামাল উদ্দিন, প্রকৌশলী নুর আম্বিয়া, ফাউন্ডেশনের ম্যানেজার মুহাম্মদ জাহেদ, ইউপি সদস্য মাসুদ পারভেজ, মুহাম্মদ জসিম উদ্দিন মেম্বার, হাবিবুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী আনোয়ার আলম, মুহাম্মদ ইউনুছ ও দিদারুল আলম। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি ইব্রাহিম ও মাওলানা হাফেজ আজিজ উদ্দিন।
জানা গেছে, উন্নতমানের লোহা, বিদেশি পাথর ও সিলেট বালু ব্যবহার করে টেকসই মানের কাজ করা হচ্ছে এবং ১৫ দিনের মধ্যে সড়ক ঢালাই শেষ হবে। পাশাপাশি স্টিলের খুঁটিতে শতাধিক সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এর আগে জসিম উদ্দিনের উদ্যোগে নোয়াপাড়া ইউনিয়নে শতকোটি টাকায় আরও ৮টি সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ হয়েছে।










