রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

3
রাউজান প্রতিনিধি
রাউজানে বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তরুণ ব্যবসায়ী ও রাউজান সুজের পরিচালক মো. এহসান উল্লাহ (২৫)। তিনি রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শরিফ বাড়ির মো. লোকমান হাকিমের ছেলে।
গতকাল রোববার দুপুরে মানবিক উদ্যোগে রাস্তার পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে রাস্তা পরিষ্কার করার সময় খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদ্য বিবাহিত এ যুবকের হাতে থাকা মেহেদীর রং শুকাতেও পারেনি, এর আগেই চিরবিদায় নিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।