রাউজানে ফের অস্ত্র উদ্ধার, পটিয়া থেকে গ্রেপ্তার ৩

1

পূর্বদেশ ডেস্ক

দুদিন আগে গ্রেপ্তার এক ‘অস্ত্রধারীর’ তথ্যে আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে কার্তুজসহ একটি বন্দুক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এছাড়া রাউজান থানা পুলিশ নোয়াপাড়া ও পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন জহির আহম্মদ, তার মেয়ের জামাই সাকিবুল ইসলাম ও মো. রানা। খবর বিডিনিউজের
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, গত ১৬ নভেম্বর রাতে দক্ষিণ রাঙ্গুনিয়ার মৌলভীখিল তিন রাস্তার মোড়ে চেকপোস্টে হুমায়ুন উদ্দিন আকাশ নামে এক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয়। সেদিন তার দেওয়া তথ্যে তার বাড়ি থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। রাসেল বলেন, হেফাজতে এনে আকাশকে জিজ্ঞাসাবাদে সে মহিউদ্দিন নামে একজনের নাম প্রকাশ করে এবং মহিউদ্দিন তার বাড়ির পুকুর পাড়ে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নোয়াপাড়ার চৌধুরীহাট ২ নম্বর ওয়ার্ডে মকবুল সওদাগর বাড়ি এলাকায় অভিযানে গিয়ে পুকুর পাড় থেকে একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রাউজান থানা পুলিশ নোয়াপাড়া চৌধুরীহাট এলাকায় মুসলিম হাই স্কুলের পাশে একটি মুদি দোকানে আলাদা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জহির আহম্মদের মুদি দোকানে অভিযান চালানোর কথা তুলে ধরে তিনি বলেন, সেখান গুলি ভর্তি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধারের পর তার দেওয়া তথ্যে পটিয়া উপজেলায় অভিযান চালানো হয়। পটিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে জহিরের মেয়ে জামাই সাকিব ও তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যবসায়ী ও বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যাকান্ডের তদন্তে নেমে গত ১০ নভেম্বর নোয়াপাড়া চৌধুরীহাট এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল, একটি শট গান, ৪৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শট গানের কার্তুজ, ১৬ রাউন্ড সেভেন পয়েন্ট ৬৫ বোরের পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া দেশিয় ধারাল অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করে পুলিশ।