রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে চেকপোস্টে তল্লাশির সময় ১৩ লিটার দেশি চোলাইমদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার মৃত অজিত মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার (৪২)। গত বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে রাউজান থানা পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালান। এ সময় মোটরসাইকেলযোগে চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। থামার পর তিনি সন্দেহজনক আচরণ করলে পুলিশ তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে।
তল্লাশির সময় ধৃত যুবকের কাঁধের ব্যাগ ও মোটরসাইকেলের পেছনে ঝুলানো ব্যাগ থেকে ১৩ লিটার দেশি চোলাইমদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ঘটনার পর বিপ্লব মজুমদারের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।











