রাউজানে গভীর রাতে যুবদলকর্মীকে গুলি

3

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদলকর্মীকে গুলি করার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার মঈনিয়া আজিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবদলকর্মী জাহেদ তালুকদার (৪৭) নোয়াজিষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার বাসিন্দা এবং কবির আহমদের ছেলে। তাঁর ডান পায়ে গুলি লেগে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।এরই জেরে একই এলাকার যুবদলকর্মী মুহাম্মদ কালু যুবদলকর্মী জাহেদকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে কালুর সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানা যায়। গুলির পরপরই তারা সবাই পালিয়ে যায়।
অভিযুক্ত কালু পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও নোয়াজিষপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, রাতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতরা স্থানীয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কারও বর্তমানে কোনো সাংগঠনিক পদ নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ‚ঁইয়া বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, কালু নামে এক সন্ত্রাসী জাহেদকে গুলি করেছে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে’। পুলিশ ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি।