রাউজান প্রতিনিধি
রাউজানে নোয়াপাড়া ইউনিয়নের আরও একটি গুরুত্বপূর্ণ আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের উদ্যোগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটির ঢালাই কাজ শুরু করা হয়। সড়কটি নোয়াপাড়ার চৌধুরীহাট বাজার থেকে কর্ণফুলী নদীর পাড় পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসীর সিদ্ধান্তে সড়কটির নামকরণ করা হয়েছে ‘ আলহাজ্ব জসিম উদ্দিন সড়ক-৮’।
গতকাল শুক্রবার সকাল ৮টায় চৌধুরীহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বড় ভাই মোহাম্মদ মোক্তার আহমদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মুহাম্মদ ইয়াছিন, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, প্রকৌশলী নুর আম্বিয়া, ফাউন্ডেশনের ম্যানেজার মুহাম্মদ জাহেদ, মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরীহাট আল-আমিন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন। দক্ষিণ নোয়াপাড়ার বিভিন্ন গ্রামের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। তারা জানান, প্রায় ২০ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এ সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গ্রামবাসীর আবেদনের পর ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘস্থায়ী ও মানসম্মত সড়ক নির্মাণে এগিয়ে আসেন প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন। ফাউন্ডেশন সূত্রে জানানো হয়, সড়কটির দুই পাশ ১২ থেকে ১৪ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে উন্নতমানের লোহা, বিদেশি পাথর ও সিলেটের বালু, যাতে সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই হয়। আগামী এক সপ্তাহের মধ্যেই ঢালাই কাজ শেষ হবে বলে জানা গেছে। পাশাপাশি সড়কের দু’পাশে স্থাপন করা হবে উন্নতমানের সৌরচালিত স্ট্রিট লাইট। এর পাশাপাশি নোয়াপাড়া ইউনিয়নে জসিম উদ্দিনের উদ্যোগে আরও প্রায় শত কোটি টাকা ব্যয়ে ৮টি প্রধান সড়কের পূর্ণনির্মাণ কাজ চলছে। স্থানীয়রা বলছেন -ব্যাপক ব্যয় ও মানসম্পন্ন কাজের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায় সূচনা করছেন প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন।










