রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দু’টি বসতঘর ও ঘরের সব আসবাবপত্র। অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার দু’টির। গতকাল শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের কবিরাজ বাড়ির শিপন দে ও মাস্টার অরুণ মুহুরী বাড়ির শিক্ষক মৃদুল মুহুরীর ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিপন দে জানান, রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। বাইরে বের হতে গিয়ে দেখেন দরজায় বাইরে থেকে হুক লাগানো। পরে মোবাইলে ফোন দিয়ে পাশের প্রতিবেশীর সহায়তায় দরজা খুলে প্রাণে রক্ষা পান তারা।
অন্য ভুক্তভোগী শিক্ষক মৃদুল মুহুরী বলেন, তিনি সেদিন বাড়িতে ছিলেন না। বাড়ির এক সদস্য প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে সবাই ছুটে আসেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ‚ঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে দেওয়া আগুন। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











