মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই
দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে সুস্বাদু বারি লাউ-৪ সফলতার মুখ দেখলো। বহুদিন ধরে বারি-৪ জাতের লাউ চাষ করে আসলেও এবারই প্রথম গবেষণা কেন্দ্রে ব্যাপক আকারে এর ফলন হয়েছে।
২৭ নভেম্বর এ গবেষণা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঠের বিস্তীর্ণ এলাকার জুড়ে চাষ হচ্ছে বারি-৪ জাতের লাউ। মাচা জুড়ে ঝুলছে বিভিন্ন আকারের লাউ। লাউগুলো দেখতেও যেমন সুন্দর, তেমনি বেশ ফলবান।
গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ জিয়াউর রহমান জানান, সুস্বাদু এ জাতের লাউয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাপ সহনশীল এবং সারা বছর ধরে চাষ করা যায়। এটি পার্বত্যাঞ্চলে চাষ উপযোগী একটি জাত। গাঢ় সবুজ রঙের ফলের গায়ে সাদাটে দাগ থাকে। প্রতিটি গাছে ১০ থেকে ১২ টি ফল পাওয়া যায় এবং যার গড় ওজন প্রায় আড়াই কেজি। এবং লাউগুলো লম্বায় ৪২ থেকে ৪৫ সেন্টিমিটার এবং ব্যাস ১২ থেকে ১৩ সেঃ মিটার হয়ে থাকে। চারা রোপণের ৭০ থেকে ৮০ দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। এছাড়া এ গাছের জীবনকাল ১শ’ ৩০ থেকে ১শ’ ৫০ দিন হয়ে থাকে। প্রতি হেক্টরে ফলন হয় ৮০ থেকে ৮৫ টন। জাতটি তাপ সহিষ্ণু হওয়ায় সারা বছর জুড়ে চাষ করে কৃষকরা লাভবান হতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সব এলাকার পাশাপাশি পাহাড়ে এ জাতটি চাষে বেশ উপযোগী। গ্রীষ্মকালে চাষের জন্য ফাল্গুনের শেষে আগাম ফসল হিসেবে চাষ করা যায়। এবং চৈত্র মাসেও বীজ বপন করে বৈশাখ মাসে চারা রোপণ করা সম্ভব হয়।
লাউ বারী-৪ এর বীজ প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, গবেষণা কেন্দ্রে প্রচুর পরিমাণে বীজের সংগ্রহ রয়েছে। স্থানীয় চাষিরা চাইলে, যোগাযোগ করে বিনামূল্যে এই বীজ অথবা চারা সংগ্রহ করতে পারবে।
অন্যদিকে স্থানীয় কৃষক সাইলামং মারমা, মোঃ রহমান আলী জানান, তারা এই বারী-৪ লাউ সম্পর্কে জানতে পেরেছেন। এবং এটি পাহাড়ি এলাকার জন্য উপযোগী হওয়ায় তারা বেশ আনন্দিত। সহসা ওই কেন্দ্রের সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করে চাষ শুরু করবেন তারা।
পাহাড়ে চাষ উপযোগী ফসলের জাত এবং অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করার লক্ষে ১৯৭৬ সালে কর্ণফুলী নদীর মোহনায় রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নে প্রায় ১০০ একর জমিতে গড়ে উঠে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। বিভিন্ন ফসল নিয়ে গবেষণা কার্যক্রম করে থাকে প্রতিষ্ঠানটি।










