যে কোনো সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন নির্বাচনী কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়বে, আর সন্ত্রাসী-অপরাধী চক্র তাদের অপরাধ কর্মকান্ড চালানোর সুযোগ নিবে- সেই সুযোগ এখন আর নেই। পাহাড় কাটা, নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজি, কৃষি জমির মাটি বিক্রি, চোরাচালান, যাত্রী হয়রানি কিংবা সন্ত্রাসী কার্যক্রম যারা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন সজাগ আছে ও থাকবে। নির্বাচনের সুযোগ নিয়ে কোনো অপরাধ কর্মকান্ড বরদাশত করা হবে না।
গতকাল রবিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অবৈধ অস্ত্র উদ্ধার ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলা, চোরাচালান দমন ও অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান, অবৈধ বালু উত্তোলন, জমির টপসয়েল ও মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকা জরুরি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।দুর্বৃত্তায়ন কিংবা যেকোনো সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে।
এসময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।