যারা ধানের শীষের বিরোধিতা করবে তারা অনুপ্রবেশকারী

2

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের ধানের শীষের প্রার্থী সাবেক তিনবারের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম বলেছেন, ‘যারা ধানের শীষের বিরুদ্ধে রাজনীতি করবে তারা অনুপ্রবেশকারী। ধানের শীষের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না। আপনারা জানেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। কখনো চাঁদাবাজি করিনি, অন্য কাউকেও চাঁদাবাজি করতে দেবো না। তারেক রহমান এমনি এমনি আমাকে মনোনয়ন দেননি। আমি যোগ্য বলেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মনোনয়ন পাওয়ার পর সবাইকে ঐক্যের ডাক দিয়েছি। আমার ডাকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে।’
গতকাল শুক্রবার বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলীর বরউঠানে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে আনোয়ারা-কর্ণফুলীকে অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তুলব। আপনারা কেউ হতাশ হবেন না। তৃণমূলের নেতাকর্মীরাই আমার বড় শক্তি।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনজুর উদ্দিন চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক এডভোকেট ফৌজুল আমীন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ভিপি মোজাম্মেল হক, আবুল কালাম আবু, বিএনপি নেতা আকতার নবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহব্বায়ক হারেছ আহমেদ, সদস্য সচিব ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক নইমুদ্দিন চৌধুরী, যুগ্ম আহব্বায়ক মো. নিজাম, ছাত্রদল নেতা মো. অহিদ প্রমুখ।