পূর্বদেশ ডেস্ক
চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় এক মোবাইল মেকানিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, ‘ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে’। চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)। খবর বিডিনিউজের
গতকাল শনিবার র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানান, হত্যাকান্ডের পরপর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাটে তার মামার বাড়িতে আত্মগোপনে চলে গিয়েছিল। সেখান থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তার ভাই ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, হত্যাকান্ডের পর ছুরিটি ফেলে দেওয়া হয়েছিল। সেটি রেয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।
নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। নিহত আকাশ ছিলেন মোবাইল মেকানিক। আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুর পাড় এলাকার বাসিন্দা ভুলু ঘোষের ছেলে।










