মিরসরাইয়ে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

3

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৫টি হলরুমে ৩৫ জন হল পর্যবেক্ষকের তত্ত¡াবধানে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম, কেন্দ্র সচিব ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভ‚ঁইয়াসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি। এবারের পরীক্ষায় সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি পরীক্ষা নিয়ন্ত্রক, দিলীপ কুমার বনিক আহবায়ক ও সংগঠনের সদস্য টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।’