মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চোর আতঙ্কে দিন পার করছেন গরুর প্রান্তিক খামারি ও কৃষকরা। ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। এতে খামারি ও কৃষকরা রাত নামলে আতঙ্কে থাকেন। সর্বশেষ শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রাম থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে চোরের দল প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ২টি, নুরুল মোস্তফার ১টি, নিজাম উদ্দিনের ১টি ও মুসলিম উদ্দিনের ২টি গরু নিয়ে গেছে। এর আগে গত ১৮ নভেম্বর রাতে জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামের ছদরমাদিঘী এলাকার মা এগ্রো খামার থেকে একসাথে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।ভুক্তভোগী মুসলিম উদ্দিন বলেন, আমরা তিন ভাইয়ের ৫টি গরু একসাথে ছিল। রাত ১টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। গোয়াল ঘরের তালা কেটে চোর রাতের কোন একসময় গরুগুলো নিয়ে যায়। আজ (শনিবার) সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘর শূন্য। আমাদের ৫টি ও পাশের বাড়ির নুরুল মোস্তফার ১টিসহ ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হবে। গরু চোর চক্র ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।











