মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো, মসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির ছাত্র কাউছার হোসেন (১১)।
ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়ার দুলাল মিয়ার ছেলে ও কাউছার মিরসরাইয়ের বারইয়ারহাটের আবদুল কাদেরের ছেলে। আহতরা হচ্ছে একই মাদ্রাসার ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসার ৪ ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানীর কাজীরহাটে একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে মোটরসাইকেল সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আরও ২ জন আহত হয়েছে। মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে।










