মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইমুল ইসলাম সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট সেতু এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাজম আলী ভ‚ঁইয়া বাড়ির বাসিন্দা আমান উল্লাহ মাস্টারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বারইয়ারহাট বাজারের উত্তর পাশের ইউটার্নে ধুমঘাট সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায় নাইমুল।এতে গুরুতর আহত হয় নাইমুল। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মামুন মাহবুব বলেন, ‘আমরা বাসে ছিলাম, উনি আমাদের ওভারটেক করে, এরপর পেছনের দিকে হাত দিয়ে কি জানি করতে লাগছিল রানিং অবস্থায়। পেছনের দিকে তাকানোর কারণে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি, মহাসড়কের উপর মোটরসাইকেল সিটকে পড়ে যায় আর উনি গাছের সাথে ধাক্কায় গুরুতর আহত হয়।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাইমুলকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে পুলিশ মরদেহ নিয়ে গেছেন।’
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইমুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’










