মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকল শনিবার ভোরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের নিজামপুর সরকারি কলেজ বাজারের উত্তরে বাইপাস এলাকায় ফল ও সবজিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এক ব্যবসায়ী নিহত ও আরেকজন আহত হন। এর আগে শুক্রবার রাতে জোরারগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচা মরিচবাহী পিকআপ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দু’জন ব্যবসায়ী। পথিমধ্যে নিজামপুর সরকারি কলেজ বাজার এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ী শফিউল (৪০)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা। আহত হন বরিশাল জেলার পিরোজপুরের লোকমান হাসেম (৩৬)। অপরদিকে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন খোকা সওদাগর (৬৫)। তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। মহাসড়কে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ থানায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বেপরোয়া গতি ও চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোই দুর্ঘটনার বড় কারণ।