মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি যুবদলকর্মী জাবেদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের পলাশ মেম্বার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে। গত রবিবার রাতে মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী উপজেলার কমলদহ বাজারের দক্ষিণ পাশে একটি ঘরে দীর্ঘদিন যাবত স্বামী-সন্তানসহ বসবাস করে আসছেন। গত ৮ মাস ধরে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেছেন জাবেদ। সর্বশেষ গত কয়েকদিন পূর্বে ওই নারী ঘরে না থাকার সুবাদে তার ১৩ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার হওয়া জাবেদ যুবদলের কোন পদে নেই, তবে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’