মিরসরাইয়ে চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতন নাগরিকদের মানববন্ধন

1

মিরসরাই প্রতিনিধি

‘চুরি, ডাকাতি বন্ধ হোক, জননিরাপত্তা নিশ্চিত হোক’ এ শ্লোগান সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চুরি, ডাকাতি রোধকল্পে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। ২৯ নভেম্বর বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে মিরসরাই সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানবন্ধনের আয়োজন করা হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী, সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তরা মিরসরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সামাজিক সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি থেকে উত্তরণের উপর জোর দেন। মানবন্ধনে আয়োজকদের পক্ষ থেকে চুরি প্রতিরোধে দুই থানায় হটলাইন চালু করা, পুলিশি টহল জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়। এছাড়া নাগরিকদের সচেতনতার অংশ হিসেবে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে চুরি, ডাকাতি প্রতিরোধে অবহিত করা, এলাকাভিত্তিক চুরি, ডাকাতি প্রতিরোধ সেল গঠন করার দাবী জানানো হয়।