মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

1

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১২ নম্বর খইয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খইয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার কলিম উল্ল্যাহ ভেন্ডর বাড়ির মোহাম্মদ হানিফের ঘরে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিবারের সদস্যদের জিম্মি করেন। ঘরের কর্তা হানিফকে গামছা দিয়ে হাত মুখ ও চোখ বেঁধে রাখেন। এরপর তাঁদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নিয়ে যায়।
ভুক্তভোগী মোহাম্মদ হানিফ বলেন, ‘রাতে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়লে দরজার বাইরে শব্দ শুনতে পাই। সামনের কক্ষের লাইট জ্বালিয়ে খেয়াল করি দরজার বাইরে কেউ চলাচল করছে। রড দিয়ে দরজার তালা ভাঙ্গার চেষ্টা করছে। আমরা তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করি। কিছু বুঝে উঠার আগেই দ্রæত মুখোশ ও পরনে শর্ট প্যান্ট পরিধান করা ডাকাতদল ঘরে ঢুকে আমাদের জিম্মি করে। আমাকে রড দিয়ে আঘাত করে’।
হানিফ আরো বলেন, ‘ডাকাতদলের সদস্যরা গামছা দিয়ে আমার চোখ হাত পা বেঁধে ফেলে। আমার স্ত্রী থেকে আলমিরার চাবি নিয়ে পেলেন। তাদের ঘাড়ে দেশীয় অস্ত্র ধরে রাখেন। আমার ছোট বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। তারা আমার ঘরে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা, ৩টি মুঠোফোন নিয়ে যায়। ঘরের ভেতর ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল’।
এবিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘ডাকাতির ঘটনার বিষয়ে অবগত নই। আমি এখনি পুলিশের টিম পাঠাচ্ছি। আমরা খইয়াছড়া ইউনিয়নে আলাদা টিম রেখেছি পুলিশের। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ডাকাত নিয়ন্ত্রণে’।