মিয়ানমারের ৫ বিজিপি সদস্য আটক

1

বান্দরবান প্রতিনিধি

মিয়ানমার সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া পাড়ায় স্থানীয় বাসিন্দাদের কাছে তারা আশ্রয় চাইতে এলে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিজিবি তাদেরকে আটক করে।
৩৪ বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারের ভেতরে চলমান তীব্র সংঘর্ষ ও নিরাপত্তাহীনতার কারণে ৫ জনই সীমান্ত পিলার ৪২-এর নিকটবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে গাছবুনিয়া পাড়ার বাসিন্দারা বিষয়টি বিজিবিকে জানালে মংজয়পাড়া বিওপির টহল দল গিয়ে তাদের আটক করে বিওপিতে নিয়ে যায়।
বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে চারজন বিজিপি সদস্য এবং একজন মিয়ানমার সেনাসদস্য। তারা হলেন শান স্টেটের মোমেক এলাকার বাসিন্দা ও দ্বিতীয় পুলিশ পরিদর্শক কো কো সেইন (৩৫), বলিবাজার বিজিপি ক্যাম্পের কনস্টেবল সো থু রা (৩৮), আউং সান হ্তু (২৫), কিয়াও জেয়ার লিন (৩২) এবং মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন উ (৪১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মিয়ানমারের বিভিন্ন স্থানে সশস্ত্র সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। টানা গোলাগুলি, বিস্ফোরণ ও নিরাপত্তাহীনতার কারণে তারা প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী তাদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। উচ্চপর্যায়ের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।