মারিশ্যায় সংরক্ষিত বনের সেগুন কাঠ জব্দ

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার মারিশ্যায় সংরক্ষিত বনের চোরাই সেগুন কাঠ (গোল কাঠ) জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মারিশ্যা জোন-২৭ ব্যাটালিয়ন বিজিবি এসব কাঠ জব্দ করে। এসবের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
গতকাল শুক্রবার মারিশ্যা জোন ২৭ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়কের দিকনির্দেশনায় দুপুর ২ টার দিকে হাবিলদার মো. আব্দুল গফুর, বিজিবিএম এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে সংরক্ষিত বন থেকে কেটে পাচারের উদ্দেশ্যে ৫৭.৫৯ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়।
মারিশ্যা জোনের কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।