
মোহাম্মদ আইয়ুব
মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য নিছক সাফল্য বা বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা লুকিয়ে থাকে হৃদয়ের গভীর অনুভূতিতে। পদ-পদবি, সম্মান, অর্থ-সম্পদ এসব মানুষের জীবনযাত্রার প্রয়োজনীয় উপায়, কিন্তু এগুলোর মূল্য তখনই সত্যিকারের প্রভা ছড়ায়, যখন আমাদের অন্তরে থাকে মানবিকতা, সহমর্মিতা, সততা, দায়িত্ববোধ ও পরস্পরের প্রতি সম্মান। আমরা প্রায়ই বলি “মানুষ মানুষের জন্য।” এটি কেবল নৈতিক শিক্ষা নয়; এটি এক বাস্তব জীবনদর্শন, যা মানুষকে মানুষ হিসেবে দেখার অনন্য আহŸান।
মানবিক প্রশিক্ষণের মূল কথা হলো প্রত্যেক মানুষ প্রথমে মানুষ। প্রশিক্ষণার্থী বা অংশগ্রহণকারী শুধুই কোনো কর্মচারী, কর্মকর্তা, বা সেবাগ্রহীতা নন; তিনি একজন অনুভূতিশীল ব্যক্তি যার স্বপ্ন আছে, আত্মসম্মান আছে, সুখ-দুঃখ আছে, এবং আছে বুঝে নেওয়ার ও বুঝিয়ে বলার অধিকার। প্রশিক্ষণে যখন জ্ঞান কেবল বক্তব্যে সীমাবদ্ধ না থেকে অভিজ্ঞতা ও অনুভূতির সঙ্গে মিশে যায়, তখন শেখা শুধু মাথায় থাকে না হৃদয়ে জায়গা করে নেয় এবং আচরণে প্রকাশিত হয়।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন সরকারি দপ্তরে প্রায়ই দেখা যায় সেবা নিতে আসা মানুষের প্রতি সৌজন্যের ঘাটতি। কখনো বিধি-বিধানের নাম করে অতিরিক্ত কাগজপত্রের চাপ দেওয়া হয়, কখনো আবার জটিল ব্যাখ্যার আড়ালে সেবাকে দূরে সরিয়ে রাখা হয়। অনেক সময় দেখা যায় কোনো মানুষ দপ্তরে এলে তাকে বসতে বলা হয় না, চোখের দিকে তাকিয়ে কথা বলা হয় না, কথা বললেও তাচ্ছিল্যের সুরে বলা হয়; যেন তিনি সেবা নিতে আসেননি, বরং কোনো অনুগ্রহ চাইতে এসেছেন। কোনো কাজ এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতে থাকে দিনের পর দিন সপ্তাহ থেকে মাস। এতে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, আত্মসম্মানে আঘাত পায় এবং অবশেষে বাধ্য হয়ে চলতে হয় সামাজিকভাবে বহুল প্রচলিত আরেক পথ ‘ব্যবস্থা করে নেওয়া’র দিকে। কেউ দালালের সাহায্য নেয়, কেউ অবৈধ সুবিধা প্রদান করে। এভাবেই জন্ম নেয় দুর্নীতি, এবং ধীরে ধীরে তা পরিণত হয় অভ্যাসে।
কিন্তু সত্য হলো রাষ্ট্রীয় চাকরি কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়; এটি জনগণের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। যে কর্মকর্তা জনগণের সেবা দেন, তিনি হচ্ছেন মানুষের সমস্যার সমাধানদাতা; কিন্তু যখন দায়িত্ব ক্ষমতার আড়ালে ঢেকে যায়, তখন সেবার আলো নিভে যায়। প্রশাসন তখন সত্যিকার অর্থেই জনগণের হয়, যখন সেখানে থাকে আস্থা, সৌজন্য, সম্মান ও সমাধানমুখী আচরণ। ভয় নয় বিশ্বাস; জটিলতা নয় সহজতা; অবজ্ঞা নয় মানবিকতা এই সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে পারলেই দায়িত্ব পালনের অর্থ সার্থক হয়।
সম্পর্ক সাফল্যের ভিত্তি। সম্পর্ক একটি ফুলের মতো যা যত্ন পেলে ফুটে ওঠে, আর অবহেলায় ঝরে যায়। সুন্দর আচরণ, মনোযোগ দিয়ে শোনা, ধৈর্য ধরে বোঝা এগুলো কেবল ভদ্রতা নয়, এগুলো পেশাগত উৎকর্ষের মূল শক্তি। একটি হাসি, একটি উষ্ণ সম্ভাষণ, সেবাগ্রহীতার প্রশ্ন মন দিয়ে শোনা এসব ছোট আচরণ মানুষের মনে আস্থা সৃষ্টি করে, সেবা প্রদানকারীর প্রতি ভালোবাসা ও সম্মান গড়ে তোলে।
ইসলামে দায়িত্ব পালনকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। সেবা শুধু কাজ সম্পাদনের নাম নয় এটি মানুষের কষ্ট লাঘব করা, তাকে বড় করে দেখার সুযোগ দেওয়া, নিরাপত্তা ও শান্তির অনুভূতি তৈরি করা। যে ব্যক্তি কাজকে শুধু চাকরি নয়, বরং মানুষের উপকারের পথ হিসেবে দেখে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা সম্পাদন করে তার জীবনের সার্থকতা স্বতঃস্ফূর্তভাবেই পূর্ণতা পায়। এই সার্থকতা শুধু পদোন্নতি বা আর্থিক সাফল্য নয়; এটি মানুষের হৃদয়ে জায়গা পাওয়া, ভালোবাসা ও দোয়া অর্জন, এবং মানসিক শান্তি লাভ করা।
প্রশিক্ষণ তখনই সার্থক, যখন অংশগ্রহণকারী অনুভব করেন “আমার কথা মূল্যবান, আমার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, আমি এখানে সম্মান পাচ্ছি, এবং আমি যা শিখছি তা আমার জীবনে কাজে লাগবে।” তাই গল্প, উদাহরণ, দলীয় কাজ, কেস স্টাডি এসব প্রশিক্ষণে অত্যন্ত কার্যকর, কারণ এগুলো শেখার মধ্যে প্রাণ সঞ্চার করে এবং জ্ঞানকে প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত করে।
মানবিকতা হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাৎক্ষণিক ফল হয়তো দেখা যায় না, কিন্তু সময়ের সাথে এটি জন্ম দেয় ভালোবাসা, বিশ্বাস, সুনাম, সম্পর্ক ও আত্মতৃপ্তির আলো। জীবন খুব বড় নয় কিন্তু এর প্রভাব অসীম। তাই মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন। তাতে শুধু আপনার জীবনই নয় অনেক মানুষের জীবনে আলো ছড়িয়ে পড়বে। কারণ যে হৃদয়ে আল্লাহ, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থাকে, সেই হৃদয়ই প্রকৃত প্রশিক্ষণের কেন্দ্র।
লেখক : প্রেরণাদায়ী প্রশিক্ষক










