মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই

1

পটিয়ায় মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম চৌধুরী মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চান উল্লেখ করে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে অবহেলিত পটিয়ার উন্নয়নসহ অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করারও আহবান জানান। তিনি বলেন, এটি পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ ধ্বংসের পর রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঐতিহাসিক সনদ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ার সন্তান হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমার বিশ্বাস জিয়া পরিবারের একজন নগন্য সদস্য হিসেবে দলের নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে অনেকেই দলীয় মনোনয়ন চাইতেই পারে। এক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে আমার বিশ্বাস সবাই তাকে বিজয়ী করতে চেষ্টা চালাবেন। বিএনপির মধ্যে কোন প্রতিহিংসা নেই, তবে প্রতিযোগিতা আছে।
১৮ অক্টোবর পটিয়া থানার মোড় সংলগ্ন একটি অভিজাত রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শহীদুল ইসলাম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক খোরশেদুল আলম, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন, শাহাদাৎ হোসেন, মো. তৈয়ব প্রমুখ। বিজ্ঞপ্তি