মাধ্যমিক স্কুলে ভর্তি এবারও লটারিতে

5

নিজস্ব প্রতিবেদক

এবারও চট্টগ্রামসহ দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলার সদরে অবস্থিত বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৬) জন্যও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাছউশির) অধীন বিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল সোমবার অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানিয়েছে, ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। লটারির সম্ভাব্য সময় আগামী ১৪ ডিসেম্বর। মোবাইল অপারেটর টেলিটকের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে হবে এই লটারি। সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকেরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। এক সময় কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে লটারিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে।