নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দলের মনোনয়ন পুনর্বিবেচনা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন মিরসরাই বিএনপি নেতারা। গতকাল বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তারা এই চিঠি দেন।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধের দায়ে দল থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানকে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়ায় দলটির তৃণমূল নেতারা বিস্মিত হয়েছেন। এছাড়া মনোনয়নকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। যার দরুণ এই আসনটি আগামী নির্বাচনে বিএনপির কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার মতো উদ্বেগের কথাও উল্লেখ করা হয়।
বিএনপি নেতারা ওই চিঠিতে আরও লিখেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাÐ, জবরদখল, চাঁদাবাজি এবং পতিত আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য হাত বদলের মতো অপরাধে যুক্ত ছিলেন দলের মনোনয়ন পাওয়া নুরুল আমিন চেয়ারম্যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান, মিরসরাই পৌরসভা বিএনপির আহব্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল ইসলাম লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহব্বায়ক মাঈন উদ্দিন লিটন ও সদস্য সচিব জসিম উদ্দীন।











