পূর্বদেশ ডেস্ক
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অবনতি হওয়ার সম্ভাবনা দেখছেন না’ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোন সম্ভাবনা নেই’। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গত এক বছরের চেষ্টায় আইনশৃঙ্খলা উন্নতির দিকে গেছে’।
আগামি বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেছে তারা। এর মধ্যে গেল ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করার ঘোষণা দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন পার্টির মিছিল সমাবেশ বেড়ে যাবে।
গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া সাংবাদিক মিজানুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘মিডিয়ায় এ বিষয়ে দুইজন সাংবাদিকের মধ্যে আলোচনা হয়েছে, ওখানে বলা হয়েছে উনি যে কাজটি করেছেন, সেটা সাংবাদিক হিসেবে করেননি। ওনার কাজটি ছিল অন্য ধরনের’। খবর বিডিনিউজের
জাহাঙ্গীর আলম তার এই বক্তব্যের যথার্থতা বোঝাতে উদহারণ দিয়ে বলেন, ‘আপনি এখানে সাংবাদিকতা করতে এসেছেন, সাংবাদিকতা একটা, আর যদি বলেন ভাই, একটা গানের লাইসেন্স দেন, তাহলে এটা আলাদা’।
অস্ত্রের লাইসেন্সের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘অস্ত্রের লাইসেন্স কেউ নিয়ে থাকলে তার তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকে। তবে অবৈধভাবে কেউ নিয়ে থাকলে তার তথ্য মন্ত্রণালয়ে থাকার কথা নয়। যেসব লাইসেন্স বাতিল হয়েছে সেগুলোতো হয়েছেই, কিন্তু সব লাইসেন্স বাতিল হয়েছে, তাতো না’।
২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া বৈধ যেসব অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো ফেরত দেওয়া হয়নি বলে তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে, যোগ করেন তিনি।
এ সময় ভূমিকম্প সংক্রান্ত প্রশ্নও আসে সাংবাদিকদের পক্ষ থেকে। জবাবে তিনি বলেন, ‘ভূমিকম্পের আগে আমাদের দেশে আগাম বার্তা দেওয়ার কোনো অ্যাপস নেই। তবে জেনেছি, অন্য দেশে আছে। আমরা এই অ্যাপস ব্যবহার করতে পারি কি না, চেষ্টা করবো। এ ব্যাপারে আবহাওয়া অফিসে যারা অভিজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ করা হবে’।
‘বিল্ডিং কোড’ মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, না মেনে চললে ভবিষ্যতে আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে। ফায়ার সার্ভিসের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা ভূমিকম্পের ধরন এবং ক্ষতির পরিমানের উপর নির্ভর করে’।










