পূর্বদেশ ডেস্ক
দেশে ভূমিকম্প আতংকের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ। আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘সেনিয়ার’। যার অর্থ সিংহ। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া নাম এটি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।
বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর গত শনিবার (২২ নভেম্বর) জানিয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানায়, গতকাল সোমবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে তা এখনও জানা যায়নি। আপাতত আন্দামানে প্রবল ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে। কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড় ও তরাই- ডুয়ার্সের জেলাগুলোতে তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও একই অবস্থা থাকবে। দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন অঞ্চলে একটি নতুন নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে। এই সম্ভাবনার কথা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বিস্তারিতভাবে উঠে এসেছে।
আজ থেকে শুক্রবার : পাঁচ দিনের আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের দৈনন্দিন পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, সারা দেশে আংশিক মেঘলা পরিস্থিতি এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। দিনের বেলায় ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে, অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টার পরবর্তী চব্বিশ ঘণ্টার জন্য জানানো হয়েছে যে, দেশে আবহাওয়ার শুষ্ক ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন নাও আসতে পারে। আবহাওয়া দপ্তর সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের সামগ্রিক আবহাওয়ার ধরনে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার আশঙ্কা নেই।










