স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। প্রায় সাত বছর পর ঢাকায় এসেছে ভারতের জাতীয় ফুটবল দল, আর এই ম্যাচকে ঘিরে লাল-সবুজ শিবিরে তৈরি হয়েছে বিশেষ উত্তাপ। আজ রাত ৮টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তার কাছে ভারত ম্যাচ শুধু মাঠের লড়াই নয়, আবেগেরও।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে জামাল বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ সবসময়ই উচ্চচাপের। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে এমন ম্যাচ খেলতে নামছি। বছরটি জয় দিয়ে শেষ করতে পারলে সেটা দল ও সমর্থকদের জন্য দারুণ হবে। আমার কাছে এটা আবেগের ম্যাচ, তবে মাঠে মাথা ঠান্ডা রাখতে হবে।’
হামজার আগমনে দল আরও পরিপূর্ণ হয়েছে বলেও মনে করেন জামাল। তিনি বলেন, ‘সে ছয় ম্যাচে চার গোল করেছে, তার পজিশনের জন্য এটা অসাধারণ। ও আসার পর আমরা নিয়মিত গোল পাচ্ছি, যা দলের জন্য দারুণ।’
আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২০০৩ সালে। সেই দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে মুখিয়ে আছেন জামাল ভুঁইয়া। জামাল বলেন, ‘এই মুহূর্তে আমরা বাংলাদেশের সেরা দল। ভারতের বিপক্ষে আমাদের বড় সুযোগ আছে।’











