এক সময় শাকিব খানের নাম শুনলেই ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলে বসতেন অপু বিশ্বাস। তবে আজকাল ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব না নায়িকা। কারণ হিসেবে জানালেন শাকিবের পরামর্শ মেনে নীরবতাকে আপন করে নিয়েছেন তিনি।
সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্যসচেতনতার সমন্বয়ে গড়ে ওঠা নতুন বিউটি পার্লার ও ফিটনেস জিম “বেøজা বাই তানিশা” যাত্রা শুরু করেছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি ৯/এ, ৫৭ নম্বর বাসায় এর উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে-ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে।
এ সময় শকিবের পরামর্শ প্রসঙ্গে বলেন, শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি নিজের কাজকে প্রাধান্য দিই, ব্যক্তিগত বিষয় নয়।
সুন্দর চেহারার রহস্য কী এমন প্রশ্নে অপু বিশ্বাস হেসে বলেন, মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে করি, আমার দর্শক, ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর করে রাখে।
এদিকে, ব্লেজা বাই তানিশার কর্ণধার তানিশা জানান, সৌন্দর্যচর্চা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকওভার সার্ভিসের পাশাপাশি আধুনিক সুবিধাসম্পন্ন জিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করবে তারা। নারী-পুরুষ সবার জন্য আলাদা সেকশন ও বিশেষায়িত সেবা রাখার পরিকল্পনা নিয়ে তাদের এই নতুন যাত্রা।
উল্লেখ্য, সম্প্রতি জোড়া সিনেমায় যুক্ত হয়েছেন অপু, যেখানে তার সঙ্গে আছেন আদর আজাদ। এ নিয়ে মুখ খোলেননি নায়িকা। তবে জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন।











